স্বার্থ থাকা ভালো, অতিরিক্ত স্বার্থ কখনোই ভালো নয় - রতন বসাক
আমরা প্রত্যেকেই কম বেশি কিছু না কিছুটা স্বার্থপর হয়ে থাকি । কেউ যদি বলে আমার কোন স্বার্থ নেই, তাহলে সেটা আমি মানতে পারব না । আসলে স্বার্থ ছাড়া আমরা এক পা’ও এগোতে পারি না । প্রতিটা ক্ষেত্রেই স্বার্থ থাকে ও থাকবেই । স্বার্থ না থাকলে কোনো মানুষই কোনো কাজ করতো না । স্বার্থই আমাদের অসম্ভবকে সম্ভব করে তুলতে সাহায্য করে ।
স্বার্থ কখনো প্রত্যক্ষ ভাবে থাকে আবার কখনো পরোক্ষভাবে থাকে । যে কোন উদ্দেশ্যেই স্বার্থকে থাকতেই হবে । মা বাবা যখন সন্তানকে মানুষ করেন । তখন তার পেছনে স্বার্থ থাকে যে, সন্তান যেন ভালোভাবে মানুষ হয়ে ওঠে । ভবিষ্যতে সেই সন্তান তাদেরকে দেখুক না দেখুক সেটা পরের কথা । আবার সন্তানও যখন বাবা মাকে ভালোবাসে তখন তার পেছনেও স্বার্থ থাকে যে, সুস্থভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় জিনিসগুলো যেন পেতে পারি সহজেই ।
আমরা যখন পড়াশোনা করি তখন তার পেছনে স্বার্থ থাকে যে, একটা ভালো রেজাল্ট পাওয়ার । আমরা যখন চাকরি কিংবা ব্যবসা করি তখন তার পেছনে স্বার্থ থাকে অর্থ উপার্জন করার । আমরা যখন সমাজ সেবা করি নিঃস্বার্থভাবে তখন তার পেছনেও একটা স্বার্থ থাকে । সেটা হলো সুনাম পাওয়া এবং মানুষের ভালোবাসা পাওয়া । আর আমায় যেন জীবিত কিংবা মৃত্যুর পরে কেউ বদনাম না করে ।
এভাবেই দেখা যায় স্বার্থই আমাদের কাজ করতে বাধ্য করে । তবে একটা কথা বলব স্বার্থ থাকা ভালো কিন্তু অতিরিক্ত স্বার্থ থাকা একদমই ভালো নয় । অতিরিক্ত স্বার্থ থাকলে মানুষ তখন অন্ধ হয়ে যায় । ভালো-মন্দ, ন্যায়-অন্যায় সব তার নজরে আর আসে না । তখন সে স্বার্থের পিছনেই পাগলের মতো ঘুরে বেড়ায় । নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য, অন্যের ক্ষতি করতেও সে এক পা’ও পিছিয়ে যায় না । তার কাছে নিজের স্বার্থটা চরিতার্থ করাই প্রধান কারণ হয়ে দাঁড়ায় ।
অতিরিক্ত স্বার্থের পাল্লায় পড়ে সে যে নিজে একা হয়ে যায় সমাজে, সেটা সে বুঝতে পারে না । ব্যক্তিগত স্বার্থপরতার জন্যই সমাজে সে আর সম্মান পায় না । সবাই যখন বুঝতে পারে যে, সে স্বার্থপর তখন অন্যান্য মানুষও তাকে এভোয়েড করতে শুরু করে । স্বার্থপরতার জন্যই সে অন্যের ভালো কোন সময়ও দেখতে পারে না । শুধু নিজের কিসে ভালো ? হবে সেই চিন্তায় মগ্ন থাকে । বেঁচে থাকতে গেলে যে সমাজে প্রত্যেকে প্রত্যেকের প্রয়োজন হয়, সেটা ভুলে যায় ।
তাই প্রত্যেকটা ক্ষেত্রেই স্বার্থ থাকা উচিত আর স্বার্থ না থাকলে তার প্রতি আমাদের কারোরই ইন্টারেস্ট থাকে না । আসলে স্বার্থই আমাদের উদ্বুদ্ধ করে ও প্রেরণা যোগায় নিজের ও সমাজের উন্নতি করার জন্য । স্বার্থ না থাকলে আমরা কেউ কারো খোঁজও নিতাম না । একটু আধটু স্বার্থ থাকার প্রয়োজন আছে । তবে স্বার্থপর হওয়াটা একদমই ঠিক নয় । স্বার্থপর হলে তার মানে হিংসায় ভরে যায় । স্বার্থপর মানুষ কোন সময়ও মন খুলে কোন কাজ করতে পারে না । এতে নিজের ও সমাজের অনেক ক্ষতি হয়ে যায় । তাই আমি বলব স্বার্থ থাক কিন্তু স্বার্থপর হইওনা কেউ ।

0 Comments