দোষারোপ নয় - শম্পা সাহা

 

শম্পা সাহা

দোষারোপ নয় - শম্পা সাহা

করোনা ছড়াচ্ছে।কার দোষ? চাকরি নেই।কার দোষ?ধর্মের নামে হিংসা।কার দোষ?নারী পুরুষ বিভাজন।কার দোষ?নারী অত‍্যাচার।কার দোষ?ধর্ষণ।কার দোষ? যত দুর্নীতি, অন‍্যায়,অত‍্যাচার কার দোষ?

এই প্রশ্নের একটাই উত্তর রাজনীতি, সমাজ।
আচ্ছা রাজনীতি তো একটা তত্ব,তাকে কে তৈরী করেছে?মানুষ।আরো স্পেসিফিকালি বললে ,রাজনৈতিক নেতারা।

তারা কারা? মানুষ।সমাজ কাদের নিয়ে ,মানুষ।তাহলে দোষ কার?মানুষ।

আমরা চিৎকার ক‍রছি,রাজনৈতিক নেতারা জমায়েত করছেন,মিছিল করছেন, মিটিং করছেন, আর তাইতে করোনা ছড়াচ্ছে!ঠিক তাই।কিন্তু যে মানুষরা ভিড় করছেন, তারা ভিড় করছেন কেন?তাদের কে মাথার দিব‍্যি দিয়েছে?

ধরে নিলাম, তারা অবুঝ,বোকা বা গরীব মানুষ তাই সামান্য কিছুর জন্য মিছিলে সামিল হচ্ছেন বা তাদের আদর্শের জন্য পথে নামছেন।নিশ্চয়ই নামুন।কিন্তু মুখে মাস্কটা দিতে অসুবিধা কোথায়?দাম?কত দাম?3 টাকা,5 টাকা,আর হয়তো রি-ইউসেবল মাস্ক হলে কুড়ি ,পঁচিশ টাকা!তা কিনতে,পরতে এতো অসুবিধা।

তাহলে তার জন্য দায়ী কে?সরকার সে কেন্দ্রীয় হোক বা রাজ‍্যই হোক।আচ্ছা, তাহলে তারা কি করবেন?তারা তো নীতি প্রনয়ণ করেছেন।কিন্তু সে নিয়ম মানবে কে? আপনি।কিন্তু আপনি তো মানছেন না।তাহলে সরকার কি করবে?কেন, বল প্রয়োগ করে মানাবে।আচ্ছা তাহলে আবার তাদের বিরুদ্ধে বিদ্রোহ, মিটিং, মিছিল হবে না তো?প্রতিবাদের ঝড় উঠবে না তো?

হ‍্যাঁ, সে তো উঠবেই।মানবাধিকার লঙ্ঘন হচ্ছে যে।তার শরীর তিনি কোভিড বিধি মানবেন,না, মানবেন না, সেটা তার ব‍্যাপার।আর তার থেকে যারা আক্রান্ত হবেন তাদের সুস্থ থাকবার অধিকার? তার কি হবে?

এতো দুর্নীতি, এতো অন‍্যায় সবের জন্য রাজনৈতিক নেতৃবৃন্দ দায়ী।তারা কারা?আমরা।আমার আপনার মত সাধারণ মানুষই তো নেতা হন।নাকি নেতাদের চার হাত ,আট পা ,ষোলো মাথা থাকে?আর নেতা হয়ে নৈতিকতা বিসর্জন দিয়েছেন বেশিরভাগই।তারা কারা? আমরাই তো!

আপনি হা হুতাশ করছেন, বুক চাপড়াচ্ছেন,গালি দিচ্ছেন,নেতাদের পুকুর চুরির বিরুদ্ধে।তারপর আবার নিজে সুযোগ পেলে চুপিচুপি সুযোগের সদ্ব‍্যবহার করছেন।তখন আর আপনি চেঁচাচ্ছেন না।আর এক জন চেঁচাচ্ছেন।আবার তিনি পেয়ে গেলে,ক্ষমতা, অধিকার, প্রতিপত্তি তখন তিনি চুপ।অন্য একজন চেঁচাবেন যতক্ষন না পাচ্ছেন।যদি পান ,তিনিও চুপ করে যাবেন আর না পেলে চিৎকার করবেন আজীবন।আদর্শের বুলি কপচাবেন,ন‍্যায় অন‍্যায় নিয়ে জ্ঞান দেবেন।

সার্বিক অধিকার নিয়ে কেউ ভাবে না।সব লড়াই আসলে ব‍্যক্তিগত।কেউ পরের কথা ভাবে না।হ‍্যাঁ, ঠিক শুনছেন।এই যে গরম রক্ত,তরুণ তুর্কি বড় বড় ঘর গরম করা,রক্ত টগবগানো বক্তিমে ঝারছেন,কদিন দাঁড়ান।ক্ষমতা পেতে দিন।দেখবেন আজ যাদের বিরুদ্ধে তার লড়াই,কাল ক্ষমতায় এসে ওই ব‍্যক্তির মতই সেও হয়ে গেছেন।এটাই সত‍্যি।আপনি মানুন আর নাই মানুন।

আপনি এখুনি তর্ক জুড়বেন,অমুক নেতা,তমুক নেতার উদাহরণ।ধুর বাবা!জেগে ঘুমোলে আপনাকে জাগাবে কে? উঁকি মারুন অন্দরে।দেখবেন গল্প পরিষ্কার।”হাতিকে খানে কি দাঁত অউর,অর দিখানে কি দাঁত অউর!”

আর যারা সত‍্যিই কিছু নেননি।সেটাও আসলে নিজের কাছে বা কারো কাছে মহান থাকার ইচ্ছে।সেখানেও সেই আমি।আমির বাইরে কেউ কারো কথা ভাবে না দাদা!এটাই সত‍্যি।তা আপনি মানুন আর নাই মানুন!

মোরাল অফ দ‍্য স্টোরি কি? সর্ষের মধ্যেই ভূত অথবা পেত্নী।দোষী আমরাই।সচেতনতার অভাব বা অধিক সচেতন?সেটাও বস্ ধান্দাবাজিই।তাই অপরকে দোষ না দিয়ে সবাই নিজে আগে ভালো হন।পরে অপরকে দূষবেন!


https://sahityashruti.quora.com/

Post a Comment

0 Comments